এবারের ঈদে রেকর্ড বেচা-কেনা হয়েছে অনলাইন ভিত্তিক শপগুলোতে। ক্রেতা আকর্ষণে নানা অফার আর ছাড় ছিল ঈদকে সামনে রেখে। সেই সঙ্গে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ছিল বাড়তি ক্রেতা আনাগোনা। উদ্যোক্তারা বলছেন, বছরের অন্য সময়ের তুলনায় এবার ঈদের মাসে বিক্রি হয়েছে প্রায় দ্বিগুণ।
ঈদের আগের দিনের এ চিত্র রাজধানীর একটি অনলাইন শপের। গ্রাহকের চাহিদামত পণ্য পৌঁছে দেয়ার কাজ আর নানা প্রশ্ন ও অভিযোগ সামাল দিতে ব্যস্ত কর্মীরা। ক্রেতাদের প্রত্যাশিত সময়ে পণ্য গন্তব্যে পৌঁছে দিতেই এই হিমশিম অবস্থা।

কর্মীরা বলছেন, অন্য সময়ের তুলনায় এবারের ঈদে অনলাইনে অর্ডার হয়েছে অনেক বেশি। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, এবার ছেলেদের পোশাকের মধ্যে পাঞ্জাবি, পাজামা আর মেয়েদের পোশাকের মধ্যে বেশি বিক্রি হয়েছে শাড়ি। বিক্রিতে নতুন সূচনা হয়েছে গৃহস্থালি ও নিত্য পণ্যের বিক্রির। ছিল মূল্যছাড়সহ নানা অফারের পসরা।

অনলাইন প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাব বলছে, বছরের মোট বিক্রির প্রায় ১৫ শতাংশ হয়েছে শুধু রোজার মাসে। এবারের ঈদে প্রায় ৩০০ কোটি টাকার বিক্রি হয়েছে অনলাইন শপগুলোতে।

ভোক্তার আস্থা, জবাবদিহি আর পণ্যের সরবরাহ নিশ্চিত করতে পারলে শহরের গণ্ডি পেরিয়ে অনলাইন কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করেন উদ্যোক্তারা।