বিশ্বব্যাপী প্রশ্নোত্তর ও জিজ্ঞাসার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘কোরা’ বাংলা ভাষায় চালু হয়েছে। এখন থেকে যে কেউ কোরার বাংলা ভার্সনে গিয়ে ( bn.quora.com) যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন।
গত বছরের ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে কোরা চালু হয়। এরপর গত ১৬ জানুয়ারি বাংলা ভাষায় কোরা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
বাংলা সংস্করণের কোরা চালু বিষয়ে প্রতিষ্ঠাতা ফেসবুকের সাবেক প্রধান কারিগরি কর্মকর্তা অ্যাডাম ডি অ্যাঞ্জেলো বলেন, বাংলা বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় ভাষা। আশা করছি, আমাদের নতুন এ আয়োজনের মাধ্যমে বাংলাভাষীরা উপকৃত হবে। এর আগে বাংলাভাষীদের জন্য ইংরেজি সংস্করণই ছিল শেষ ভরসা।
অ্যাডাম ডি অ্যাঞ্জেলো ২০০৯ সালে কোরা প্রতিষ্ঠা করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে কোরার প্রধান কার্যালয়। বর্তমানে প্রতি মাসে ৩০ কোটির বেশি মানুষ কোরা ব্যবহার করেন।
বাংলাসহ পৃথিবীর ১৭টি ভাষায় কোরা চালু আছে। ইংরেজি ছাড়াও বর্তমানে এটি স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, জাপানিজ ও ইন্দোনেশিয়ান ভাষায় চালু আছে। দক্ষিণ এশিয়ায় পাঁচটির বেশি ভাষায় কোরা চালু আছে।





